মালদার পিতলের রথ বেরোবে প্রথা মেনেই
দি নিউজ লায়ন; হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সামিল হয়ে পুরাতন মালদার পিতলের রথযাত্রা উৎসবে অংশ নিতেন। কিন্তু করোনা সংক্রমনের জেরে এবারে সেই উৎসব স্তিমিত যদিও পুরাতন মালদার দেড়শ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী পিতলের রথ বেরোবে প্রথা মেনেই। পুরনো ঐতিহ্য বজায় রাখতে সীমিতভাবে পিতলের রথ চালানোর উদ্যোগ নিয়েছেন পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের শর্বরী এলাকার পোদ্দার পরিবার। জগন্নাথ , বলরাম, সুভদ্রার বিগ্রহ পিতলের রথ থাকবে এবং পোদ্দার পরিবারের কুলো পুরোহিত রথযাত্রার সূচনা করবেন ।
কিন্তু পোদ্দার বাড়ি থেকে সামান্য পথ পর্যন্তই পিতলের রথ টানবেন হাতেগোনা কয়েকজন । যেখানে করোনার সমস্ত নির্দেশিকা পালন করা হবে। কিন্তু এবারে এই রথ যাত্রাকে ঘিরে কোনরকম মেলা বা উৎসব পালন করা হবে না , এমনটাই জানিয়েছেন পোদ্দার পরিবারের সদস্যরা। উল্লেখ্য , ১৫২ বছরের পুরনো পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের শর্বরী এলাকার পোদ্দার পরিবারের এই পিতলের রথ। বহু বছর আগে প্রথমে পোদ্দার পরিবারের পূর্বপুরুষেরা এই রথটি কাঠ দিয়ে তৈরি করেছিলেন।
প্রায় ১০৮ বছর আগে তৈরি হয় পিতলের রথ। জগন্নাথ দেব নাকি স্বপ্নাদেশে পিতলের রথে মাসির বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছিলেন পোদ্দার পরিবারের পূর্বপুরুষদের। আর তারপর থেকেই প্রায় ১০ ফুট উচ্চতার পিতলের রথটি পরিচালিত হয়ে আসছে পোদ্দার পরিবারের সদস্যদের মাধ্যমে । বর্তমানে এই পরিবারের সদস্য সুদাম পোদ্দার এবং বিভাস পোদ্দার পিতলের রথ পরিচালনার দায়িত্বে রয়েছেন। রথযাত্রার আগের দিন সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন কালীমন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন পোদ্দার পরিবারের সদস্যরা । তারপরের দিনই দেবী কালী মায়ের আশীর্বাদে জগন্নাথ দেব , বলরাম এবং সুভদ্রার রথ যাত্রার মাধ্যমেই মাসির বাড়ি যাওয়ার অনুষ্ঠানটি পালন করা হয়।

Post a Comment